বাংলাদেশে মৌমাছি ও পরাগবাহী পতঙ্গের সংখ্যা কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত কীটনাশক ব্যবহার। পরিবেশবিদ, গবেষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা এই পরিস্থিতিকে 'নীরব পরাগসংকট' হিসেবে উল্লেখ করেছেন। তাঁরা পরাগবাহী পতঙ্গ সুরক্ষায় জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।
বিশ্ব মৌপতঙ্গ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK) ও গ্রিন কোয়ালিশন-রাজশাহীর যৌথ আয়োজনে 'বাংলাদেশের নীরব পরাগসংকট: কীটনাশকনির্ভর কৃষি, মৌপতঙ্গের মৃত্যু ও পরিবেশগত বিপর্যয়' শীর্ষক নীতি আলোচনা ও সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম 'বাংলাদেশের নীরব পরাগসংকট, বিষাক্ত কীটনাশক ও পরিবেশ বিপর্যয়' বিষয়ে একটি নীতিপত্র উপস্থাপন করেন। তিনি বলেন, অ্যাগ্রোকোলজি চর্চা বাড়ানো গেলে বহুপ্রজাতিক সংকট কমবে এবং পরাগবাহী পতঙ্গ সংরক্ষণ সহজ হবে। একই সঙ্গে খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায়ও সহায়ক হবে।









