আন্দামান সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৫০ জনের শোক জানাল ইউএনএইচসিআর ও আইওএম

আন্দামান সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৫০ জনের শোক জানাল ইউএনএইচসিআর ও আইওএম

আন্দামান সাগরে একটি ট্রলার ডুবে কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকেরা আছেন। আজ মঙ্গলবার এ খবরের কথা উল্লেখ করে এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। পথে প্রচণ্ড বাতাস, উত্তাল সমুদ্র ও অতিরিক্ত যাত্রীর কারণে এটি ডুবে যায়।

বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনাটি দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের এক ভয়াবহ পরিণতি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা অদূর ভবিষ্যতে রোহিঙ্গাদের নিরাপদে বাড়ি ফেরার আশা ম্লান করে দিয়েছে। অন্যদিকে মানবিক সহায়তা কমে যাচ্ছে। শরণার্থীশিবিরের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে; রয়েছে শিক্ষা ও কর্মসংস্থানের অভাব।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।