রবীন্দ্রনাথ ঠাকুরের আমেরিকা সফরের এক অনালোচিত ইতিহাসের গভীর অনুসন্ধান করেছেন লেখক আবদুল্লাহ জাহিদ। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে আমেরিকার বহুমাত্রিক সম্পর্ককে কেন্দ্র করে পূর্ণাঙ্গ, গবেষণাভিত্তিক ও পাঠযোগ্য গ্রন্থ বাংলা ভাষায় খুব কমই দেখা যায়। রবীন্দ্রনাথ ১৯১২ থেকে ১৯৩০ সালের মধ্যে পাঁচবার যুক্তরাষ্ট্র সফর করেন। তিনি নিউইয়র্ক, শিকাগো, আরবানা, বোস্টনসহ বিভিন্ন শহরে বক্তৃতা দেন, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাশ্চাত্যের আধুনিক সভ্যতা, জাতীয়তাবাদ, মানবতাবাদ ও শিক্ষাব্যবস্থা নিয়ে তাঁর গভীর চিন্তাভাবনা প্রকাশ করেন।
লেখক এসব ঘটনাকে শুধু তথ্য হিসেবে উপস্থাপন করেননি, বরং সেই সময়ের আমেরিকার রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করেছেন। ফলে বইটি একই সঙ্গে গবেষণাগ্রন্থ, ভ্রমণ ইতিহাস এবং সাংস্কৃতিক বিশ্লেষণের মর্যাদা পেয়েছে।
গ্রন্থটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর তথ্যভিত্তিক উপস্থাপনা। রবীন্দ্রনাথের আমেরিকা সফর নিয়ে ছড়িয়ে থাকা নানা ঘটনা, চিঠিপত্র, সংবাদপত্রের তথ্য, স্মৃতিচারণা ও ঐতিহাসিক সূত্র লেখক একত্র করেছেন অত্যন্ত যত্নের সঙ্গে।

































































































































































































