স্পেনে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের ভোগান্তি লাঘবে প্রথমবারের মতো সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা দিচ্ছে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধিদল। ডেপুটি সেক্রেটারি কাজী আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমের প্রথম ধাপে বার্সেলোনায় ৯ থেকে ১১ মে পর্যন্ত প্রায় ছয় শতাধিক প্রবাসী এই সেবা গ্রহণ করেছেন।
ইউরোপের কোনো দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের এমন উদ্যোগ এবারই প্রথম। প্রতিনিধিদলের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বার্সেলোনার জোসেফ তারাদিয়া এলাকার একটি হলরুমে এই সেবা প্রদান করা হয়।

































































































































































































