প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৯: ৪৫আপডেট : ০৩ মে ২০২৬, ০৯: ৪৮ লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না ইন্টার মিয়ামিকে। নতুন মাঠ ‘নু স্টেডিয়াম’-এ আবারও জয়ের মুখ না দেখেই মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে ওরল্যান্ডো সিটির কাছে অবিশ্বাস্যভাবে হেরেছে তারা।
ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করে শুরুটা দারুণই করেছিলেন মেসি। প্রথমার্ধেই মিয়ামি যেন জয় নিশ্চিত করে ফেলেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ ভেঙে পড়ে তাদের রক্ষণভাগ, আর তাতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়।
খেলার চতুর্থ মিনিটেই এগিয়ে যায় মিয়ামি। মেসির পাস থেকে তেলাস্কো সেগোভিয়ার ক্রসে হেড করে গোল করেন ইয়ান ফ্রে। ২৫ মিনিটে আবার মেসির দারুণ পাস থেকে গোল করেন সেগোভিয়া। এরপর অল্প সময়ের মধ্যেই নিজের স্বভাবসুলভ বাঁকানো শটে তৃতীয় গোলটি করেন মেসি।


































































































































































































