যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে দুই কিশোর বন্দুকধারী হামলার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ান এক অকুতোভয় ব্যক্তি। তিনি এক সম্ভাব্য ভয়াবহ রক্তপাত রুখে দেন। নিজের জীবনের বিনিময়ে বহু শিশুসহ অনেকের প্রাণ বাঁচাতে সহায়তা করেন।
সান ডিয়েগো শহরের পুলিশ কমিশনার অকুতোভয়ের এ ব্যক্তিকে ‘বীর’ হিসেবে অভিহিত করেছেন। তিনি হলেন আমিন আবদুল্লাহ। আমিন আবদুল্লাহ সান ডিয়েগো কাউন্টির বৃহত্তম ওই মসজিদের নিরাপত্তারক্ষী ছিলেন। হামলাকারীদের গুলিতে সেদিন যে তিন ব্যক্তি নিহত হন, তাঁদের একজন তিনি। পরে হামলাকারী দুই কিশোরও আত্মহত্যা করে।
সান ডিয়েগোর পুলিশপ্রধান স্কট ওয়াহল এক সংবাদ সম্মেলনে আমিনকে নিয়ে বলেন, ‘নিঃসন্দেহে তাঁর কাজ ছিল বীরত্বপূর্ণ। আজ তাঁর অসামান্য সাহসিকতার কারণেই অনেক প্রাণ বেঁচে গেছে।’


































































































































































































