ইরানি নির্মাতা আসগর ফরহাদির নতুন ছবির প্রিমিয়ার

ইরানি নির্মাতা আসগর ফরহাদির নতুন ছবির প্রিমিয়ার

আলোচিত ইরানি নির্মাতা আসগর ফরহাদি আবার ফিরলেন কান উৎসবে। ফিরেই নিজের নতুন সিনেমা দিয়ে সব আলো যেন নিজের দিকে কেড়ে নিলেন। গতকাল তিনি উৎসব মাতিয়েছেন নতুন ফরাসি ভাষার সিনেমা ‘প্যারালাল টেলস’ দিয়ে। বৃহস্পতিবার রাতে কান উৎসবে ছবিটির প্রিমিয়ারের পর দর্শকের দাঁড়িয়ে অভিবাদন চলেছে টানা সাড়ে পাঁচ মিনিট। সেই মুহূর্তে আবেগাপ্লুত ফরহাদি দর্শকদের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন।

ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। প্রিমিয়ারে উজ্জ্বল লাল গাউনে হাজির হওয়া এই অভিনেত্রীকে ঘিরেও ছিল ব্যাপক আগ্রহ। অভিবাদনের সময় ফরহাদি তাঁর সহশিল্পী ক্যাথরিন দেনেভ ও ভার্জিনি এফিরাকে জড়িয়ে ধরেন। অন্যদিকে হুপার শান্ত হাসি নিয়ে পুরো সময়টুকু দর্শকদের প্রতিক্রিয়া উপভোগ করেন।

কানের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পাম দ’রের প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ছবিটি। এর আগেও ফরহাদি একাধিকবার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৩ সালে তাঁর প্রথম ফরাসি ভাষার ছবি ‘দ্য পাস্ট’ পাম দ’রের দৌড়ে ছিল। এরপর ‘দ্য সেলসম্যান’ জিতেছিল সেরা চিত্রনাট্যের পুরস্কার। এ ছাড়া ‘এভরিবডি নোজ’ ও ‘আ হিরো’ও কানে আলোচিত হয়েছিল। বিশেষ করে ‘আ হিরো’ ২০২১ সালে গ্রাঁ প্রি পুরস্কার জেতে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।