পুরোনো ভবনের কার্নিশ বা রেলস্টেশনের ছাদে নিশ্চিন্তে ঘুরে বেড়ানো কবুতরকে অনেকেই খুব সাধারণ পাখি হিসেবে বিবেচনা করেন। কেউ কেউ দেখে হয়তো বিরক্ত হন, কেউবা না দেখার ছলে পাশ কাটিয়ে চলে যান। কিন্তু হাজার বছরের ইতিহাস বলছে, একসময় এ পাখিই ছিল মানুষের ঘনিষ্ঠ সঙ্গী।
বার্তা পৌঁছে দেওয়া থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে যোগাযোগ রক্ষা, এমনকি খাদ্য ও সার উৎপাদন—মানুষের সভ্যতার নানা অধ্যায়ে কবুতর বা পায়রার ছিল গুরুত্বপূর্ণ উপস্থিতি। শান্তির প্রতীক হিসেবেও পরিচিত পায়রা। নতুন এক গবেষণা সেই পুরোনো সম্পর্কের গল্পই আবার সামনে নিয়ে এসেছে।
সম্প্রতি বিশ্ব প্রত্নতত্ত্ববিষয়ক জার্নাল অ্যান্টিকুইটিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কবুতরকে মানুষ পুষতে শুরু করেছিল প্রায় ৩ হাজার ৫০০ বছর আগে; অর্থাৎ মানুষের সঙ্গে এদের সম্পর্কের ইতিহাস আগের ধারণার চেয়ে প্রায় হাজার বছর পুরোনো।


































































































































































































