শিশুমর্গে প্রতিবাদের শিশুমর্গ

শিশুমর্গে প্রতিবাদের শিশুমর্গ

কালো পোশাকের একদল নারী-পুরুষ ধীর পায়ে এগিয়ে চলেছেন। তাঁদের মুখে গভীর বিষাদের ছায়া। দুই হাতে সাদা কাফনে মোড়ানো ছোট ছোট শিশুর মরদেহ আঁকড়ে ধরে আছেন বুকের সঙ্গে। তাঁদের এই বুকের ধন এখন নিথর, নিস্তব্ধ। ফুল হয়ে ফুটে ওঠার আগে কুঁড়িতেই ঝরে গেছে বড্ড অসময়ে। সন্তান হারানো অনির্বচনীয় শোকে তাঁরা মুহ্যমান। তাঁদের সামনে থেকে তাঁদেরই সহযাত্রীদের কেউ কেউ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন জনতার প্রতি—‘কাকে বলবেন ভোর হলো?’, ‘কাকে বলবেন দোর খোল?, ‘কে চোখ খুলবে?, ‘কে জাগাবে?’

আজ শনিবার বিকেলে রাজধানীর কাঁটাবন মোড়ের ‘কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স’–এর সামনে শিশুদের প্রতীকী মরদেহ নিয়ে এই বিশেষ প্রতিবাদী আয়োজন করেছিল নাট্যসংগঠন প্রাচ্যনাট। ‘শিশুমর্গ’ নামের এই চলমান পরিবেশনা (পারফরম্যান্স ) করা হয়েছিল হামে আক্রান্ত হয়ে বিপুলসংখ্যক শিশুমৃত্যুর ঘটনায়।

চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকে হঠাৎ করেই দেশে হামের দেখা দেয়। ক্রমেই তা প্রাদুর্ভাবে রূপ নেয়। হাজার হাজার শিশু আক্রান্ত হতে থাকে। পরিণতি হয় ভয়ংকর। অকালমৃত্যু ঘটে পাঁচ শতাধিক শিশুর (শনিবার সর্বশেষ মৃতের সংখ্যা ৫২১)।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।