ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’ জাহাজে গত মার্চে ঈদুল ফিতর উদ্যাপন করেছিলেন বাংলাদেশি নাবিকেরা। তখন তাঁদের আশা ছিল, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরতে পারবেন। কিন্তু ইরানের অনুমতি না পাওয়ায় এবার ঈদুল আজহার নামাজও জাহাজেই আদায় করতে হয়েছে তাঁদের।
আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নেভিগেশন ব্রিজে ঈদের নামাজ আদায় করেন জাহাজটিতে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রায় তিন মাস ধরে পারস্য উপসাগরে আটকে আছে জাহাজটি। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হরমুজ প্রণালিতে ইরানের অনুমতি ছাড়া জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।


































































































































































































