আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে একজন আইনজীবী মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন, আরেকজন পারবেন না—এটা হয় না বলে উল্লেখ করেছেন এই ট্রাইব্যুনাল। আজ বুধবার শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই কথা বলেন।
আজ বুধবার সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ শুনানি হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানির একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার বলেন, ট্রাইব্যুনালে তাঁরা আইনজীবী হিসেবে আসেন। কিন্তু ট্রাইব্যুনালের ফটক থেকে এজলাস পর্যন্ত আসতে মনে হয় না তিনি একজন আইনজীবী। ট্রাইব্যুনালের ফটকে নাম পরিচয় লেখে প্রবেশ করতে হয়। আবার এজলাসে আসার সময় মোবাইল রেখে আসতে হয়। অথচ এজলাসে প্রসিকিউশন পক্ষের আইনজীবীদের সঙ্গে মোবাইল থাকে।

































































































































































































