কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাঁর দুই ভাইয়ের হাত-পা বেঁধে মারধর করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার মুশুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান উপজেলার ধলাই গোপদিঘী এলাকার ফুল মিয়ার ছেলে। আহত দুই ভাই হলেন আনিছুর রহমান (২৭) ও আতাউর রহমান (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে তিন ভাই মিলে ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা চারজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।































































































































































































































