চট্টগ্রাম বিমানবন্দরে বৈরী আবহাওয়ায় ফ্লাইট বিলম্ব, বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে বৈরী আবহাওয়ায় ফ্লাইট বিলম্ব, বাতিল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। এর মধ্যে একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করে। কয়েকটি ফ্লাইট বিলম্বে ছেড়ে গেছে। একটি ফ্লাইট বাতিলও করা হয়েছে।

বিমানবন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা-চট্টগ্রাম রুটের ফ্লাইট বিজি-১৩৮ বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করে। পরে বেলা ২টা ১ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে। এরপর বেলা ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-৩৪২ চট্টগ্রামে অবতরণের পর ঢাকায় যেতে প্রায় সাড়ে চার ঘণ্টা দেরি হয়। পরে বেলা ৩টা ৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-১০৫ বাতিল করা হয়েছে। অন্যদিকে ফ্লাইদুবাইয়ের চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট এফডিবি-৫৬৪ নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা দেরিতে দুপুর ১২টা ১৬ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।