বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের বর্ষবরণ অনুষ্ঠানে সুরের মেলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান হয়। গণসংগীত সমন্বয় পরিষদভুক্ত সংগঠনগুলোর মধ্যে দলীয় সংগীতে অংশগ্রহণ করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, আনন্দন, ভিন্নধারা, সুরতাল, সমস্বর, উঠোন, উজান ও সুরনন্দন।
দলীয় নৃত্যে অংশ নেয় বহ্নিশিখা ও ধৃতি নর্তনালয়। একক সংগীত পরিবেশন করেন প্রলয় সাহা, আরিফ রহমান, আবিদা রহমান ও শ্রাবণী গুহ রায়। আর একক আবৃত্তিতে অংশ নেন আশরাফুল আলম। শিশু দল শিল্পবৃত্ত ও সুরতালের সদস্যরাও আবৃত্তি করে।
শুভেচ্ছা বক্তব্য দেন গণসংগীত সমন্বয় পরিষদের সহসভাপতি ও শিল্পী নিলুফার জাহান। তিনি বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গন ও সংস্কৃতিকর্মীদের জন্য গত বছরটি ছিল ঘটনাবহুল। সব গ্লানি ভুলে নতুন বছরটি সবার জীবনে অনেক সুখ–সমৃদ্ধি বয়ে আনবে। বিগত বছরের সব কুসংস্কার বিলীন হয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’






























































































































































































































