দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত সুরক্ষায় বিজিবির পক্ষ থেকে নতুন একটি বিওপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ভান্ডারা ইউনিয়নের মৌচোষা গ্রামে এই ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার (উত্তর-পশ্চিম) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
বিজিবি সূত্র জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ৯৯ কিলোমিটার দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের আওতাধীন। সেখানে আগে থেকেই ২০টি বিওপি ক্যাম্প আছে। নতুন করে যুক্ত হলো ‘মৌচোষা’ বিওপি ক্যাম্প। মৌচোষা ক্যাম্প থেকে উত্তরে চার কিলোমিটার দূরে কিশোরীগঞ্জ বিওপি এবং দক্ষিণে দুই কিলোমিটার দূরে রামচন্দ্রপুর বিওপি ক্যাম্প রয়েছে।
এই দুই বিওপির মধ্যবর্তী এলাকার কার্যক্রম পরিচালনার জন্য, শূন্যরেখার নিকটবর্তী এলাকায় চোরাচালান রোধ এবং সীমান্ত রক্ষায় ‘মৌচোষা বিওপি’ স্থাপন করা হয়েছে।






























































































































































































































