চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ইটভাটায় কাজ করতেন আবদুল আজিজ (২৬)। টানা ২১ দিনের মজুরি না পেয়ে বিপাকে পড়েছেন তিনি। সংসার চালানো কঠিন হয়ে পড়ায় পরিবার নিয়ে সুনামগঞ্জের বাড়িতে ফিরছেন। তবে বাড়ি ফেরার পথেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আগে যে পথে ৮০০ টাকায় যাওয়া যেত, এখন সেখানে দিতে হচ্ছে ১ হাজার ১০০ টাকা।
আজ মঙ্গলবার দুপুরে নগরের অলংকার এলাকায় আবদুল আজিজের সঙ্গে কথা হয়। তিনি একা নন। তাঁর সঙ্গে আরও ১৫ জন সুনামগঞ্জ যাচ্ছেন। তাঁদের মধ্যে নারী ৫ জন, শিশু ৯টি। একই দলের আরও দুজন যাচ্ছেন কুষ্টিয়ায়। শিশু ছাড়া সবাই একই ইটভাটার শ্রমিক ছিলেন। বৃষ্টির মধ্যে ব্যাগ-বস্তা নিয়ে অলংকার এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁদের।
বাড়ি ফেরার ভাড়ার টাকাও ছিল না। গ্রামের এক প্রতিবেশীর কাছ থেকে ধার করে টিকিট কেটেছি। বাড়ি গিয়ে কাজ করে সেই টাকা শোধ করতে হবে। সবার অবস্থা একই।






























































































































































































































