মিরপুরের হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদানের উদ্বোধন

মিরপুরের হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদানের উদ্বোধন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিরপুরের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় ব্যবসা করা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) নিয়মের আওতায় আনতে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া শুরু করেছে। প্রথম ধাপে ২০২ জন হকারকে এ পরিচয়পত্র দেওয়া হয়েছে। এ সময় ফুটপাত ও সড়ক ছেড়ে হকারদের নিজ দায়িত্বে দ্রুত নির্ধারিত স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকার ১০২ জন হকার এবং মিরপুর-১ ও ২ নম্বর মূল সড়ক এলাকার ১০০ জন হকারকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে মিরপুর-১০ নম্বরের পরিচয়পত্র পাওয়া হকারদের মিরপুর-১৩ নম্বর সেকশনের ওয়াসা রোডে এবং মিরপুর-১ ও ২ নম্বরের ১০০ জনকে গাবতলী কাঁচা বাজারসংলগ্ন খালি জায়গায় স্থানান্তর করা হচ্ছে।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, হকারদের সঙ্গে আলোচনা করে তাঁদের মতামতের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা নিজেরাও অবৈধভাবে ব্যবসা করতে চান না। তাই পুলিশ প্রশাসনের সহায়তায় তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে স্থানান্তর করা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।