পাবনায় রুচি বৈশাখী উৎসবের আবারও আয়োজন

পাবনায় রুচি বৈশাখী উৎসবের আবারও আয়োজন

পাবনায় এক বছর বন্ধের পর আবারও উদ্‌যাপিত হচ্ছে রুচি বৈশাখী উৎসব। আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখে এ উৎসবের আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপ। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল সকাল ৮টায় পাবনা শহরের স্বাধীনতা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। সকাল সাড়ে ৮টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে হবে মূল আয়োজন। প্রতিবছরের মতো এবারও থাকবে দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা। সংগীত পরিবেশন করবেন জেমস, ইমরান মাহমুদ, ঐশী এবং ম্যাজিক বাউলিয়ানার সেরা তিন শিল্পী। নৃত্য পরিবেশন করবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্রান্স ট্রুপ।

এই আয়োজন সম্পর্কে স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘স্কয়ারের অগ্রযাত্রা পাবনা থেকে। পাবনার সঙ্গে আমাদের প্রাণের সম্পর্ক। জেলাবাসীর জন্য আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব বোধ থেকেই আমরা ঢাকার বাইরে বড় এই আয়োজন করছি। মানুষ উৎসব করুক, আনন্দ পাক, সেটাই আমাদের প্রত্যাশা।’

আয়োজক কর্তৃপক্ষ জানায়, করোনার প্রকোপ ও পবিত্র রমজান মাসের কারণে কয়েক বছর বৈশাখী উৎসবের আয়োজন বন্ধ ছিল। ২০২৪ সালে সর্বশেষ এই উৎসব হয়। ২০২৫ সালে আয়োজনটি হয়নি। এক বছর পর আবারও জাঁকজমকপূর্ণভাবে উৎসবের আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।