কলাকেন্দ্রের পরিবেশ ছাপচিত্র নিয়ে উৎসবে বর্ণাঢ্য হয়ে আছে। নিচতলায় নবীন শিক্ষার্থীরা বিপুল উৎসাহ–উদ্দীপনা নিয়ে ধাতব পাতে নকশা খোদাই করছেন, মেশিনে ছাপ তোলার মতো কাজে মেতেছেন। পাশেই চলছে দেশের ছাপচিত্রকলার পথিকৃৎ শিল্পীদের বিশেষ প্রদর্শনী। আর ওপরে বিশাল পরিসরে ছাপচিত্র মেলা। শিক্ষার্থী, তরুণ প্রজন্মের শিল্পী, শিক্ষক আর কলানুরাগী দর্শকদের সমাগমে প্রতিদিন বিকেল থেকে কলাকেন্দ্র হয়ে উঠছে উৎসব মুখর।
ছাপচিত্র মেলা আয়োজন করেছে কলাকেন্দ্র। এবার মেলার পরিসর আরও বেড়েছে। এরপর ১২ মে থেকে সমকালীন ছাপচিত্র নিয়ে আরও একটি প্রদর্শনী শুরু হবে।
ছাপচিত্র মেলায় অংশ নিয়েছে ঢাকা, খুলনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের আয়না'স অ্যটেলিয়ার, ইউডার প্রিন্টমেকিং স্টুডিও, বেঙ্গল ফাউন্ডেশন, সফিউদ্দীন প্রিন্ট মেকিং স্টুডিও, কসমস অ্যাটেলিয়ার '৭১, কারখানা আর্ট স্পেস, মজুমদারস প্রিন্ট ল্যান্ড, কালনী আর্ট স্পেস ও কলাকেন্দ্রের কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও।































































































































































































































