সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার এখন আমে সয়লাব। বাজারজুড়ে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপ খাসসহ বিভিন্ন জাতের আমভর্তি সারি সারি ট্রাক, ভ্যান ও পিকআপ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৫ মে থেকে দেশি জাতের আম সংগ্রহ শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার থেকে বাজারে পুরোদমে আমের সরবরাহ শুরু হয়েছে। তবে মৌসুমের শুরুতেই আমের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তাঁদের অভিযোগ, বাজারে একটি সিন্ডিকেট সক্রিয় থাকায় ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। এতে উৎপাদন খরচ তুলতেই তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর সাতক্ষীরায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। মোট ৫ হাজার ২৯৯টি বাগানে প্রায় ৪৫ হাজার ৭৫০ জন চাষি আম চাষ করেছেন। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ৯০০ মেট্রিক টন। এর মধ্যে ৮০ মেট্রিক টন বিদেশে রপ্তানির লক্ষ্য আছে। সব মিলিয়ে চলতি মৌসুমে প্রায় ৩৫০ কোটি টাকার আম বিক্রির আশা করছে কৃষি বিভাগ।































































































































































































































