টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মেলার স্টল নির্মাণের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে মেলার শেষ দিনে ভাস্কর্যের গলায় দড়ি বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর ছবিটি শেয়ার করে অনেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিসিক ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মেলার আয়োজন করায় শহীদ স্মৃতি পৌর উদ্যানজুড়ে স্টল নির্মাণ করা হয়। উদ্যানে থাকা সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্যের সামনেও স্টল নির্মাণ করা হয়েছে।
গত ২৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ মেলার উদ্বোধন করেন। রোববার মেলার শেষ দিনে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে নির্মিত স্টলগুলোর টানা দড়ি ভাস্কর্যের গলায় বেঁধে দেওয়া হয়েছে।






























































































































































































































