জন্মের দুই মাস পরই হৃদ্যন্ত্রে ছিদ্র ধরা পড়ে ৯ মাস বয়সী শিশু হাসান আহমেদের। সেই থেকে ধারদেনা করে ছেলের চিকিৎসা করাচ্ছিলেন কৃষক বাবা আবদুল হাই। এর মধ্যে নতুন করে শিশুটির শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১১ মে হাসপাতালে ভর্তির পর তিন দিন ধরে শিশুটি নিবিড় পরিচর্যাকেন্দ্রে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির।
হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) সামনের বেঞ্চে বসে ছিলেন আবদুল হাই। কিছুক্ষণ পর হঠাৎ উঠে কাচঘেরা জানালায় গিয়ে ভেতরে দেখার চেষ্টা করলেন। দূর থেকে ঠিকমতো দেখা যাচ্ছিল না। এরপর ধীর পায়ে ভেতরে ঢুকে ছেলের শয্যার পাশে গিয়ে আলতো করে হাত বুলিয়ে দিয়ে আসেন।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে ক্লান্ত কণ্ঠে আবদুল হাই বলেন, ‘দুই মাস বয়সে যখন হার্টের ছিদ্র ধরা পড়ে, তখন থেকেই ধার করে বা স্বজনদের সহায়তায় চিকিৎসা চালাইতেছি। এর মধ্যে আবার হাম ধরা পড়ছে। কী করমু বুঝতেছি না।’































































































































































































































