চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার সরকারি আবাসিক ভবনের লিফটে আটকে থাকা এক কিশোরকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। বিকেল ৪টার দিকে কিশোরটির বাবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে ভেতরে আটকে পড়া তাঁর ছেলেকে।
কিশোরটির বাবা বলেন, দীর্ঘক্ষণ লিফটে আটকে থাকায় কিশোরটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তার শ্বাসকষ্টের জটিলতা আছে। ভেতরে ফ্যানও কাজ করেনি। অ্যালার্মের বোতাম টিপলেও সেটিও শোনা যায়নি।
ওই ভবনের বাসিন্দাদের অভিযোগ, সরকারি আবাসিক ভবনটিতে দুটি লিফট রয়েছে। লিফট দুটি প্রায়ই নষ্ট হয়ে যায়। লিফটের ভেতরের জরুরি অ্যালার্ম থাকলেও সেটি শোনা যায় না। ভেতরের কেউ আটকে পড়লে কথা বলার জন্য ইন্টারকম নেই। নেই কোনো ফ্যানও।






























































































































































































































