ঈদুল আজহা শেষ মুহূর্তে নগরবাসী কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত। এদিন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্থায়ী দোকান সাজিয়ে বসেছে মৌসুমি বিক্রেতারা। তাঁরা চাঁটাই, গাছের গুঁড়ি, টুকরি, ভুসি, খড়, গরুর খাবার ইত্যাদি বিক্রি করছেন। দেওয়ানহাট, আতুরার ডিপো, মুরাদপুর, দুই নম্বর গেট, বহদ্দারহাট, ব্যাটারি গলি, কাজীর দেউড়ি ও আগ্রাবাদ এলাকায় এমন অস্থায়ী বাজার দেখা গেছে। ফুটপাতজুড়ে পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি বিক্রেতারা। ক্রেতারাও শেষ মুহূর্তে ভিড় করছেন এসব দোকানে।
দেওয়ানহাট ঘুরে দেখা গেছে, ছোট, মাঝারি ও বড়—তিন ধরনের চাঁটাই বিক্রি হচ্ছে। দাম ২০০ থেকে ৬০০ টাকা। গরুর মাংস কাটার জন্য ব্যবহৃত গাছের গুঁড়ি বিক্রি হচ্ছে ১০০ থেকে ৪০০ টাকায়। সবুজ ঘাসের আঁটি ৫০ থেকে ১০০ টাকা। শুকনা খড়ও একই দামে বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের ভুসির দাম কেজিতে ৬০ থেকে ৯০ টাকা। বাঁশের টুকরির দাম ২০০ থেকে ৫০০ টাকা। পাটির দাম পড়ছে ২০০ থেকে ১ হাজার টাকা।
বিবিরহাট পশুর বাজারেও ছিল একই চিত্র। মুরাদপুরের বাসিন্দা জুনাইয়েদ সিদ্দিক সম্প্রতি এই বাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকায় সাদা রঙের একটি গরু কিনেছেন। এরপর বাজারের পাশের দোকান থেকে কিনে নেন দা, ছুরি ও বঁটি।































































































































































































































