বরিশালের মেহেন্দীগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন অসুস্থ হওয়ার পর উপজেলাজুড়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে আজ বুধবার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাঠদান চলাকালে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক বজ্রপাতের শব্দে আতঙ্কে একজন শিক্ষক ও ১৫ শিক্ষার্থী অসুস্থ হন।
দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গতকাল বেলা সোয়া দুইটার দিকে বিকট শব্দে বজ্রপাত হলে আতঙ্কে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে। এ সময় ধর্মীয় শিক্ষক ফারুকুল ইসলাম ছাড়াও সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের বলেন, বজ্রপাতের ঘটনায় অসুস্থ হয়ে দাদপুর স্কুলের আটজন হাসপাতালে এসেছে। কেউ গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা অনেকটা সুস্থ। তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।






























































































































































































































