রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে পৃথক দুটি নোটিশ জারি করা হয়। ওই দুই নেতা হলেন রাজশাহী নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু ও ১৬ নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।
মহানগর যুবদলের সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আরডিএ ভবনে টেন্ডার বাক্স–সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সংগঠনের নজরে এসেছে।































































































































































































































