জ্বালানিসংকটের কারণে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা ২৫-৩০ শতাংশ কমেছে বলে দাবি করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেছেন, চাহিদামতো গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ার কারণে কারখানাগুলোতে উৎপাদন সক্ষমতা ২৫-৩০ শতাংশ হ্রাস পেয়েছে।
বিশেষ করে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে লোডশেডিংয়ের বিপরীতে জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় উৎপাদন ও পণ্য শিপমেন্ট মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গতকাল সোমবার এই মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাক্ষাতে এমনটাই জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।






























































































































































































































