পাবনার সাঁথিয়া পৌরসভার চোমরপুর গ্রামের ভেতর দিয়ে চলে গেছে একটি পাকা সড়ক। দুপাশজুড়ে বিস্তীর্ণ সবুজ ফসলের খেত। কোথাও মরিচ, কোথাও পাট, কোথাও আবার ঘাসের আবাদ। দূর থেকে দেখলে মনে হয়, সবুজের বুক চিরে এগিয়ে গেছে একফালি ধূসর রেখা। বিকেল থেকে সেই সড়কে নামতে শুরু করে মানুষের ঢল। সন্ধ্যা নামলে সড়কবাতির আলোয় জায়গাটি যেন হয়ে ওঠে ছোট্ট এক প্রাকৃতিক বিনোদনকেন্দ্র।
দুই বছর আগে সাঁথিয়া পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি। আগে সেখানে ছিল কাঁচা রাস্তা আর ফসলের মাঠ। সবুজ ফসলের মাঠ, খোলা আকাশ, সন্ধ্যার পর সড়কবাতির আলো আর গ্রামীণ আবহ মিলিয়ে চোমরপুরের এই সড়কের সৌন্দর্যের টানে এখানে প্রতিদিন ভিড় করছেন সাঁথিয়া, বেড়া ও আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, বিকেল থেকেই পরিবার-পরিজন নিয়ে মানুষ ঘুরতে আসছেন। কেউ সড়কের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ ফসলের খেতের দিকে তাকিয়ে আছেন। আবার কেউ বসেছেন চায়ের দোকানে। শিশুদের জন্য বসেছে নাগরদোলাসহ কয়েকটি খেলার রাইড। সড়কের দুই পাশে এখন গড়ে উঠেছে অন্তত ২৫টি ছোট-বড় খাবারের দোকান।






























































































































































































































