রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির চৌহদ্দির মধ্যে অবস্থিত একটি দ্বিতল বাড়ি ভেঙে ইট বিক্রি করছেন স্থানীয় এক ব্যক্তি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে এই বাড়িটি ভেঙে ইট বিক্রি করছেন মনিরুল ইসলাম ওরফে সাবু। তিনি পুঠিয়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর দাবি, এই বাড়ি তাঁর দাদা একজন মাড়োয়ারির কাছ থেকে কিনেছেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ির চারদিকে পরিখাসহ ১০০ একজন জমির ওপরে রাজবাড়ির বিভিন্ন স্থাপনা আছে। এর মধ্যে মাত্র ১০ থেকে ১২ একর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দখলে আছে। আর প্রায় ৩০ বিঘা দিঘি উপজেলা প্রশাসনের দখলে আছে। বাকিটা স্থানীয় লোকজন দখল করে নিয়েছেন।
পুরাকীর্তি আইন ১৯৬৮ (সংশোধিত ১৯৭৬) অনুযায়ী, সংরক্ষিত পুরাকীর্তির আশপাশে কোনো কিছু নির্মাণ, ক্ষতিসাধন, পরিবর্তন ও পরিবর্ধন, প্রত্নস্থলকে ঢেকে দেওয়া, আড়াল করা—এমনকি এর সৌন্দর্যহানি দণ্ডনীয় অপরাধ।






























































































































































































































