চট্টগ্রামের সাতকানিয়ায় বিপন্ন প্রজাতির একটি বাগডাশকে পিটিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। পরে প্রাণীটির মরদেহ উদ্ধার করে বন বিভাগের একটি দল। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা গ্রাম থেকে বাগডাশটির মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকায় আগে থেকেই বাগডাশের বিচরণ ছিল। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে একদল ধান কাটার শ্রমিকের চোখে পড়ে বাগডাশটি। পরে তাঁরা প্রাণীটিকে ধাওয়া করে ধরে পিটিয়ে হত্যা করেন।
একপর্যায়ে গলায় দড়ি লাগিয়ে পাশের একটি পুকুরপাড়ের আমগাছে বাগডাশটির মরদেহ ঝুলিয়ে রাখা হয়। পরে সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন কিশোর সেটিকে গাছ থেকে নামিয়ে পাশের কৃষিজমিতে ফেলে দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা রাতে ঘটনাস্থলে গিয়ে প্রাণীটির মরদেহ উদ্ধার করেন।






























































































































































































































