সমাজ পরিবর্তনের ৬ নায়ককে সম্মাননা

সমাজ পরিবর্তনের ৬ নায়ককে সম্মাননা

সমাজে ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখা ছয়জন ব্যতিক্রমী ব্যক্তিত্বকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননা দিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে গতকাল বৃহস্পতিবার আয়োজিত জাঁকজমকপূর্ণ ‘এম-রাইজ গালা নাইট’-এ দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সম্মাননা পাওয়া ব্যক্তিত্বদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা পাওয়া ব্যক্তিত্বদের মধ্যে চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে বহু মানুষের জীবনে আশার আলো জ্বেলেছেন। কক্সবাজারের মো. রোস্তম আলী ‘মা-বাবা ফাউন্ডেশন’-এর মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের আশ্রয় ও সহায়তা দিচ্ছেন। ঢাকার প্রাণিসেবক মো. আবদুল কাইয়ুম পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসাসেবায় অবদান রাখছেন।

চট্টগ্রামের মো. রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করছেন। কক্সবাজারের মরিয়ম সমুদ্রশৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। আর প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়নে ও স্বাস্থ্যসচেতনতায় কাজ করে যাচ্ছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।