নেত্রকোনায় এবারের কোরবানিতে আলোচনার কেন্দ্রে বিশাল আকৃতির ষাঁড় 'ঈশা খাঁ'। তিন বছর আট মাস বয়সী ফ্রিজিয়ান জাতের কালো-সাদা রঙের গরুটির ওজন প্রায় সাড়ে ৪২ মণ। উচ্চতা সাড়ে ৫ ফুট এবং দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। শেওড়াগাছের পাতা খেতে বেশি পছন্দ গরুটির। ঈদুল আজহা সামনে রেখে গরুটিকে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন মালিক খায়রুল ইসলাম।
গরুটির জন্ম খায়রুল ইসলামের খামারেই। জন্মের পর থেকে মায়ের দুধ পান করানোর পাশাপাশি দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা হয়। প্রয়োজনমতো খাবার ও পরিচর্যায় ধীরে ধীরে বাড়তে থাকে আকৃতি। মাত্র দুই মাস বয়সেই গরুটির চলাফেরায় আলাদা আভিজাত্য দেখে নাম রাখা হয় 'ঈশা খাঁ'।
গত বছর কয়েকজন ক্রেতা গরুটির দাম ৯ লাখ টাকা পর্যন্ত বলেছিলেন। কিন্তু মায়ার কারণে সেটি বিক্রি করেননি খায়রুল ইসলাম। এবার অবশ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।






























































































































































































































