কুমিল্লা ইপিজেডে জুতা ও জুতার আনুষঙ্গিক সরঞ্জাম উৎপাদন কারখানা স্থাপন করবে সামোয়া ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানটি এ জন্য ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। কারখানাটিতে ৫০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।
এ নিয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড। গত বুধবার রাজধানীর ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তিটি সই হয়।
বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও এইজার স্যু পার্টসের ব্যবস্থাপনা পরিচালক জিয়া রুইহং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।






























































































































































































































