হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে দুই শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু ৪৯৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪১৪ শিশু, আর হাম শনাক্ত হয়ে মারা গেছে ৮৫ শিশু।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময় সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।






























































































































































































































