রংপুরে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, অসহযোগিতার অভিযোগ

রংপুরে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, অসহযোগিতার অভিযোগ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে ওই শিশুর মৃত্যু হয়। রমেক হাসপাতালে গত এক মাসে এই প্রথম হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু হলো। শিশুটির চিকিৎসায় কর্মরত নার্স ও ওয়ার্ড বয় অসহযোগিতা করেছেন বলে অভিযোগ তার মায়ের।

মারা যাওয়া শিশু তানজিদের বয়স সাত মাস। সে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। রমেকের শিশু বিভাগের বিভাগীয় প্রধান আয়েশা সুলতানা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে ১২ থেকে ১৪ দিন ভর্তি ছিল। তারপর র‍্যাশ হওয়ার পরে ১৫ এপ্রিল আমাদের এখানে পাঠিয়েছিল। প্রথম থেকে শিশুটির পরিস্থিতি খুব খারাপ ছিল।’

হাসপাতালের প্রশাসন সূত্র জানায়, আজ সকাল ৯টা পর্যন্ত রমেকে মোট ২২টি শিশু হামের উপসর্গ নিয়ে হাম কর্নারে ভর্তি আছে। ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৭ শিশু। একই সময়ে ছাড়া পেয়েছে চার শিশু।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।