চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরির ওপর আছড়ে পড়ে তুলাভর্তি একটি কনটেইনার। এতে লরির চালকের আসনের পাশে বসে থাকা সহকারী মো. ইয়াসিন (২৫) চাপা পড়েন। ভারী কনটেইনারটির নিচে ইয়াসিনের কোমরের নিচের অংশ আটকে ছিল। প্রাণে বাঁচতে চিৎকার করছিলেন তিনি।
কনটেইনারটি প্রথমে একটি ক্রেন দিয়ে তোলার চেষ্টা করেও তোলা যায়নি। পরে ভারী ক্রেন এনে দুর্ঘটনার এক ঘণ্টা পর কনটেইনারটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পর চট্টগ্রাম নগরের দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী মো. মাহবুব বলেন, ওই এলাকায় একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে ইউটার্ন নেয়। এ সময় তুলাভর্তি কনটেইনার লরিটি ঢাকার দিকে যাচ্ছিল। ইউটার্ন নিতে থাকা কাভার্ড ভ্যানটিকে সামনে দিয়ে ঘুরতে দেখে লরিটি দ্রুত ব্রেক করে। এতে কনটেইনারটি ছিটকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি লরির ওপর পড়ে। ওই লরির ভেতরে ছিলেন ইয়াসিন।































































































































































































































