নওগাঁর আত্রাই উপজেলার চকশিমলা এলাকায় এক কৃষক তাঁর নিজের জমিতে অগভীর নলকূপ (সেচপাম্প) স্থাপন করে দীর্ঘদিন ধরে সেচ দিয়ে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি প্রভাবশালী একটি গোষ্ঠী ওই কৃষকের সেচপাম্পটি বন্ধ করে দেয়। এতে ওই কৃষকের ১৮ বিঘা জমিতে আবাদ করা ভুট্টাগাছ শুকিয়ে মরে যেতে বসেছে।
এ ঘটনায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা গ্রামের ভুক্তভোগী কৃষক মুনসুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
ইউএনওর দায়িত্বে থাকা আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আমি কয়েক দিন আগে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব নিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত জানাতে পারব। সেচপাম্প চালু করতে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’






























































































































































































































