চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি পেট্রলপাম্পে সিরিয়াল অমান্য করে জ্বালানি তেল সংগ্রহ করায় ভ্রাম্যমাণ আদালত এক পুলিশ সদস্যকে জরিমানা করায় পুলিশের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমন্বয়, দায়িত্বশীল আচরণ ও প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে।
এ বিষয়ে জেলায় জ্বালানি তেল সমন্বয়ের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিকুজ্জামান আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, আলোচিত বিষয়টির সন্তোষজনক সমাধানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আলমডাঙ্গা শহরের হক ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে জ্বালানি তেল সংগ্রহের অভিযোগে আলমডাঙ্গা থানার পুলিশ সদস্য তৌহিদুল ইসলামকে ৫০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহ।






























































































































































































































