চট্টগ্রাম থেকে আখাউড়া যাওয়ার জন্য বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলেন পারভিন আক্তার। ট্রেনটি আজ বুধবার সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল। তাই ভোরে ঘুম থেকে উঠেই ব্যাগ গোছান চল্লিশোর্ধ্ব এই নারী। সকাল সাতটায় হালিশহরের বউবাজার এলাকার বাসা থেকে সন্তানদের নিয়ে বের হন। আধা ঘণ্টার মধ্যে পৌঁছে যান চট্টগ্রাম রেলস্টেশনে। কিন্তু স্টেশনে এসে জানতে পারেন, ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়ছে না। প্রায় চার ঘণ্টা দেরি হবে।
বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে জামালপুর পর্যন্ত চলাচল করে। পথে আখাউড়া, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন স্টেশনে যাত্রী ওঠানামা করে। কিশোরগঞ্জ যাওয়ার জন্য চারটি টিকিট কেটেছেন মোহাম্মদ উজ্জ্বল মিয়া। চট্টগ্রামে একটি মুদিদোকান চালান তিনি। গ্রামে কোরবানির গরু কিনেছেন। মা-বাবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন।
ট্রেনের বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরেক যাত্রী মোহাম্মদ আল আমিন। তিনি বলেন, ‘বিজয় এক্সপ্রেস দেরিতে আসা নতুন কিছু না। প্রতি ঈদেই এমন হয়। আমরা ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে থাকি। কিন্তু এই দুর্ভোগ কমাতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।’






























































































































































































































