অভাবের সংসারে একমাত্র ভরসা ইজিবাইক হারিয়ে শিশু সিয়াম যখন চিৎকার করছিল, তখন চোখের পানি ধরে রাখতে পারেননি পথচারীরা। যতটুকু সম্ভব সহযোগিতা করেছেন। শিশুটি কষ্ট নিয়ে বাড়িতে ফেরার পর সুখবর পেয়েছে। তার হারিয়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ। তবে কিছু যন্ত্রাংশ খোয়া গেছে। পুলিশ জানিয়েছে, খোয়া যাওয়া মালামাল নতুন করে ইজিবাইকে লাগানোর কাজ চলছে। তারপর শিশুটির হাতে ইজিবাইকটি তুলে দেওয়া হবে।
সংসারের ভার ও অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাতে ১২ বছরের শিশু সিয়াম আহমেদ ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে রাস্তায় নেমেছিল। ছিনতাইকারী চক্র তাকে ফাঁদে ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরিবারের একমাত্র আয়ের মাধ্যম হারিয়ে রাস্তায় গড়াগড়ি করে কাঁদছিল সিয়াম।
ঘটনাটি গত শনিবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার মধুগঞ্জ বাজারের। রাস্তায় গড়াগড়ি করে বিলাপ করার সময় পথচারীরা তার কাছে গিয়ে জানতে পারেন, তার ইজিবাইকটি নিয়ে পালিয়েছে একটি চক্র।































































































































































































































