কিশোরগঞ্জে টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে প্রায় ৭ হাজার হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। রোদ না থাকায় জমি থেকে কেটে আনা ধান শুকানোও যাচ্ছে না। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধারণা, এবার হাওরাঞ্চলের অন্তত ২১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
টানা কয়েক দিন বৃষ্টির পর গত বৃহস্পতিবার হালকা রোদ উঠলেও গতকাল শুক্রবার সকাল থেকে আকাশে মেঘ জমে। পরে গতকাল রাতে বৃষ্টি শুরু হয়। আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে মাঝারি ও ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। এমন অবস্থায় প্রায় পাঁচ দিন ধরে স্তূপ করে রাখা ধান রোদে শুকানো যায়নি। জমি থেকে কেটে আনা ভেজা ধান খলা বা বাড়ির উঠানে স্তূপ করে রাখা হয়েছে।






























































































































































































































