হবিগঞ্জ থেকে ঢাকায় এসেছেন দুই বন্ধু ইমদাদুল (১৮) ও নাজমুল (১৯)। ছুরি–বঁটি ধার করার যন্ত্র ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছেন ঢাকার বিভিন্ন এলাকায়। পেশায় দুজনই রাজমিস্ত্রির সহযোগী। ঈদের আগে ঢাকায় এসেছেন বাড়তি কিছু আয়ের আশায়। গতকাল সোমবার দুপুরে দুই বন্ধুর সঙ্গে দেখা হয় রাজধানীর দয়াগঞ্জ এলাকায়।
দুই বন্ধুর বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। দুজনেরই বাবা মারা গেছেন আরও আগে। ফলে ছোট বয়স থেকেই হাল ধরতে হয়েছে পরিবারের। নির্মাণকাজের পাশাপাশি দুজনই কয়েক বছর আগে শিখেছেন ছুরি–বঁটি–দা ধার দেওয়ার কাজ।
দুই বন্ধুর সঙ্গে কথা বলে জানা গেল, দা–বঁটি–ছুরি ধার করাতে টাকার পরিমাণ ভিন্ন। ছুরি ধার করতে সর্বনিম্ন ২০ টাকা লাগে। আর বড় সাইজের বঁটি দেড় শ টাকা। তবে যদি অবস্থা বেশি খারাপ থাকে, তাহলে টাকা কিছু বেশি লাগে।































































































































































































































