পবিত্র ঈদুল আজহা রাত পেরিয়েছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতারা নিজ নিজ এলাকায় চলে গেছেন। তাঁরা পরিবার, স্বজন ও নেতা-কর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন। তবে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ঢাকায় রয়েছেন। তাঁরা ঢাকাতেই ঈদ উদ্যাপন করবেন।
এনসিপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঢাকায় ঈদ করছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা ঢাকা–১১–এর অন্তর্ভুক্ত পূর্ব রামপুরার সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। নামাজের পর এলাকার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন নাহিদ।
দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন নিজের নির্বাচনী এলাকা রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাটের মুন্সিপাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।















































































