ময়মনসিংহের ফুলপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষক আশ্রব আলী (৭৫) হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে মৃত্যুদণ্ড, আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ বিশেষ জজ আদালতের বিচারক ফারাহানা ফেরদৌস এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন নূর হোসেন (৫৭), তাঁর ছেলে উজ্জ্বল মিয়া (৩২) ও সোহরাব আলীর ছেলে সহিদুল ইসলাম (৩৭)। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সোহরাব আলী (৬৪), তাঁর স্ত্রী স্বরূপা খাতুন (৫৭) ও নূর হোসেনের স্ত্রী রেহানা খাতুন (৫৪)। যাবজ্জীবন সাজা পাওয়া তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।













































































