চট্টগ্রাম নগরে একদিনে তিন স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। তিনটি মিছিলের ভিডিও আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারের বিক্ষোভ মিছিল হয়েছে।
জিইসি এলাকার মিছিলটি আজ সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোতে। জিইসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিছিলে অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের সমর্থনে নানা স্লোগান দেন।
অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগারপাস এলাকার দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। লালটুপি পরে দুই নম্বর গেট এলাকায়ও একটি মিছিল হয়েছে।













































































