বাংলাদেশ বার কাউন্সিলের আগামী ১৯ মে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী আইনজীবী সৈয়দ সায়েদুল হক (তিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত)। এ জন্য মনোনয়ন ফরমে তাঁর সইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকার জেলা প্রশাসক বরাবর ১২ এপ্রিল একটি আবেদন দেওয়া হয়। এই আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী লিটন আহমেদ আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বুধবার রিটটি দায়ের করেন। ব্যারিস্টার সুমনের পক্ষে ঢাকার জেলা প্রশাসক বরাবরে ১২ এপ্রিল ওই আবেদন দিয়েছিলেন আইনজীবী লিটন আহমেদ।
মনোনয়নপত্রে আটক সৈয়দ সায়েদুল হক সুমনের সইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ১২ এপ্রিল করা আবেদন নিষ্পত্তিতে বিবাদীর (ঢাকার জেলা প্রশাসক) নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে রিট আবেদনে।
রুল হলে তা বিচারাধীন অবস্থায় আটক সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়নপত্রে সইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়নপত্র গ্রহণ করতে বার কাউন্সিলের প্রতিও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।













































































