ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ থেকে ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে গুজব, অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তদন্ত ও ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল শাখা ছাত্রদল। বেঁধে দেওয়া সময় শেষে তদন্তের অগ্রগতি জানতে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে দেখা করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
আজ বুধবার বিকেল চারটার দিকে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের নেতৃত্বে সংগঠনটির নেতা–কর্মীরা উপাচার্য কার্যালয়ে যান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জ্যেষ্ঠ সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার প্রমুখ।














































































