শাহ আলী মাজারে হামলার ঘটনায় ঢালাওভাবে বিরোধী দলের ওপর দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। এ ঘটনায় যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আরমান বলেছেন, এ হামলার ঘটনার ফুটেজে যাঁদের কোনো অবস্থান নেই, এমন লোককে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে ওই এলাকায় তাঁর নির্বাচনে যাঁরা সক্রিয় ছিলেন, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।
আওয়ামী লীগ সরকার আমলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী মীর আহমাদ বিন কাসেম (আরমান) ওরফে আরমানকে আজ জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।














































































