৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে 'রিপিট ক্যাডার' সংশোধন এবং নন-ক্যাডারে পদ বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। মানববন্ধনে আন্দোলনকারীরা অভিযোগ করেন, ৪৫তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে শতাধিক রিপিট ক্যাডার সুপারিশ করা হয়েছে। এর ফলে একই প্রার্থী বারবার একই পদে সুপারিশ পাচ্ছেন।
চাকরিপ্রার্থীদের অন্য দুটি দাবি হলো প্রত্যাহারকৃত ৪৫৭টি পদ ফিরিয়ে দিয়ে নন–ক্যাডারে নতুন পদ যুক্ত করা এবং পুনঃপছন্দক্রম প্রদানের সুযোগ দেওয়া।
কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে ১ হাজার ২২টি নন-ক্যাডার পদের কথা বলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সুপারিশ করা হয়েছে মাত্র ৫৪৫টি পদে। বাকি ৪৫৭টি পদ কোনো যৌক্তিক কারণ ছাড়াই প্রত্যাহার করা হয়।













































































