গাজীপুরের শ্রীপুরে আলোচিত এক মাদ্রাসাছাত্রী অপহরণের ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ এবং এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি এখনো পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। একই সঙ্গে ঘটনার শুরু থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট থানার ওসির প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
ভুক্তভোগীর পিতা, স্থানীয় ইমাম ও খতিব মাওলানা হাদিউল ইসলাম অভিযোগ করেন, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি। পাশাপাশি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বলে দাবি করেন তিনি। এমনকি সরাসরি যোগাযোগের পরও দ্রুত পুলিশ পাঠানো হয়নি বলেও অভিযোগ তোলেন।
মামলা গ্রহণের ক্ষেত্রেও টালবাহানা করা হয়েছে এবং শুরু থেকেই ঘটনাটিকে ‘প্রেমঘটিত’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এতে সময়ক্ষেপণের সুযোগে মূল আসামি পালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া উপ-পরিদর্শক (এসআই) লাল চাঁনের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়।













































































